মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশের ধরন নিয়ে সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবেন। মাদকের সব আখড়া মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।
পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল দিয়ে আইনের ধারা স্পষ্ট করে ব্যাখ্যা নেওয়ার সামর্থ আছে এবং আমার বিশ্বাস তারা সে চর্চা করেও। সব জেনে শুনে বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে ঘুন্টিঘরে মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার্ ছিলো এরা। তাই আমার অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে। ওয়েট এন্ড সি।’
তিনি আরও বলেন, ‘সব মাদকের আখড়া (যারা হয়তো এই পেপার গুলাকে অর্থায়ন করে) ওগুলা মাটির সাথে মেশানো হবে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্যে বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিলো। এখন থেকে এই আস্তানা গুলো বাসের লাঠি দিয়ে ধ্বংস করবো। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, ম্যাজিস্ট্রেটের সামনে করে গ্রেপ্তার করে নিয়ে যাবে। মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ।