Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার সুনিশ্চিত করা এবং দেশের সার্বিক সংকট নিরসনে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার—সবাই দৈনন্দিন জীবন পরিচালনায় হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের বসে থাকার সুযোগ নেই।

 

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ এবং ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরের পথসভাকে ঐতিহাসিক গণজোয়ারে পরিণত করার আহ্বান জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

রোববার বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা দলীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরের পথসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুন্সী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা এমরান হুসাইন।

 

প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ নানামুখী সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। জনগণের অধিকার ও স্বস্তি নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।