Image description

‘ওসি তাড়িয়ে’ গ্রেপ্তার এড়িয়ে অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন চট্টগ্রামের বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। চাঁদাবাজির অভিযোগে নগরীর খুলশী থানায় হওয়া এক মামলার পলাতক আসামি ছিলেন বগা। যদিও তার বিরুদ্ধে মোট মামলা ২৩টি।

আজ রবিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিদুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতে কর্মরত খুলশী থানার জিআরও এসআই রাজীব কান্তি দে। তিনি বললেন, ‘ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে ২৩ মামলা আছে। দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আজ চাঁদাবাজির মামলায় সারেন্ডার করে জামিনের আবেদন করেছিলেন। গত ১ অক্টোবর খুলশী থানায় মামলাটি হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

ওয়াকিল হোসেন বগা (৪২) ওরফে বিহারি বগা চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকার বাসিন্দা। চট্টগ্রামের রাজনীতিতে তিনি নগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

কলেজ শিক্ষককে পিটিয়ে আহত করা, খুলশী থানার ওসি মোহাম্মদ আব্দুর রহিমকে উলঙ্গ করে পেটানোর হুমকি, পুলিশের ওপর হামলা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, কিশোর সবজি বিক্রেতা হৃদয় হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় জড়িয়ে আলোচনায় আসেন বগা। গত ৬ অক্টোবর রাতে বগাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কার্যালয় অর্থাৎ নগর ভবনে। মেয়রের উপস্থিতিতে তার কার্যালয়ে অভিযান নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

পরদিন মেয়র শাহাদাত ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ‘একহাত’ নেন। এর কয়েকঘন্টার মাথায় রহিমকে খুলশী থানা থেকে সিটি এসবিতে বদলির আদেশ দেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এর পরদিন তাকে খুলনা রেঞ্জে বদলির আদেশ আসে। ওসি আব্দুর রহিম অবশ্য বলছিলেন, তিনি নগর ভবনে অভিযানের সময় ছুটিতে ছিলেন। ছুটি শেষে ৮ অক্টোবর দুপুরে কর্মস্থলে যোগ দেন।