শেরপুরের শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কৃষকলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই স্কুলছাত্রীর বাবা।
গ্রেপ্তার কৃষকলীগ নেতার নাম জহুরুল ইসলাম। তিনি শেরপুরে শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সভাপতি। জহুরুল সম্পর্কে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর চাচা হয়। তার মেয়ে ওই ছাত্রীর বান্ধবীও।
এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার দুপুরে জহুরুলের মেয়েকে খুঁজতে আসে তাদের বাসায় যায় ওই স্কুলছাত্রী। এ সময় তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে চিৎকার করলে স্থানীয়রা এসে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং জহুরুলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি আব্দুল লতিফ মিয়া জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আসামি জহুরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।