কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম মিয়া ওরফে ভাই সেলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভাওরখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।
মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন এ তথ্য।
পুলিশ জানিয়েছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারে মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় হামলার ঘটনা ঘটে। ওই সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীসহ তার নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে অজ্ঞাতনামাসহ ৮৬ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মো. সেলিম মিয়াকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। পরে তদন্তে তার নাম উঠে আসার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বললেন, ‘বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলির করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।’