চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফৌজদারহাট লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় ফৌজদারহাট লিংক রোড এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল আকস্মিকভাবে মিছিল বের করার প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে। এসময় ছয়জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রুবেল আফ্রাদ বলেন, আটক ছয়জনের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।