রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা অবধি এখনও তাকে পাওয়া যায়নি।
নামাজ পড়ার কথা বলে গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আবদুল্লাহর বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট।
পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় আবদুল্লাহ। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আবদুল্লাহর স্থায়ী ঠিকানা, ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা।
কোনো সহৃদয় ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮৮৬৮২০৭৩৩।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর কুড়িল এলাকা থেকে নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। যদি কেউ খোঁজ পান তাহলে নাঈমের চাচা গোলাম হুসাইনের (০১৭৩৩৬২০৭৬৯) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধও করেছে নাঈমের পরিবার।