বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, যারা অতীতে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কি হেলিকপ্টার করে পালিয়ে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সাথে পদত্যাগ করবেন।
আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, এরশাদও অনেক সম্মানের সাথে পদত্যাগ করেছিল। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।
নাহিদ ইসলামের অভিযোগ, ‘লং মার্চের পক্ষে যে গণজোয়ার শুরু হয়েছে, সেটাকে প্রতিরোধ করতে’ তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ কাজে বিএনপির নেতাকর্মীর সঙ্গে সিটি কর্পোরেশনও যোগ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, ব্যানার ফেস্টুন ছিঁড়ে এই লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না। দফা বাড়ছে, কিন্তু আমরা জানি সকল দফা কোথায় এসে ঠেকবে, এক দফায়। সেটার জন্য প্রস্তুত হন।
এর আগে এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় প্রয়োজন ও জনগণের দাবি আদায়ের পরিস্থিতিতে ১১ দলের আট দফা দাবি এক দফায় রূপ নিতে পারে। তিনি উল্লেখ করেন, এটি কোনো একক দলের দাবি নয়; তারা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছেন। জনগণের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।
১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফার মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এরপর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের কর্মসূচি শুরু হয়।