Image description

শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার সদস্যসচিব হয়েছেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর তার এনসিপিতে যোগ দেওয়া এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ইয়াজ্জেম হোসেন রোমানকে সদস্যসচিব করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, ইয়াজ্জেম হোসেন রোমান দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে তৎকালীন শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপির সাংগঠনিকভাবে প্রতিকূল সময়েও তিনি দলের নেতৃত্বে ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে প্রত্যাশিত মূল্যায়ন না পাওয়ায় তার মধ্যে অসন্তোষ ও মান-অভিমান তৈরি হয় বলে জানিয়েছেন রোমান নিজেই।

একপর্যায়ে বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেন তিনি।

দল পরিবর্তনের কারণ জানতে চাইলে ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির দুর্দিনে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলা-হামলার মধ্য দিয়ে কঠিন সময় মোকাবিলা করতে হয়েছে তাকে। দলের সুদিনে সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে মান-অভিমান তৈরি হওয়ায় শেষ পর্যন্ত দল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য যদি জনসেবা হয়, তাহলে যেকোনো রাজনৈতিক দলের মাধ্যমেই মানুষের সেবা করা সম্ভব। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষের জন্য কাজ করতে চান তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক অভিজ্ঞতা থাকা কোনো নেতার দল পরিবর্তন স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। বিএনপির সাবেক নেতার এনসিপির জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার বিষয়টিও মাদারীপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

শীর্ষনিউজ