Image description

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দল না থাকলে পদের কোনো দাম নেই। আর ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না।

তাই সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।’

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেখান থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয়। সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব।

তবে এ লক্ষ্য অর্জনে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।’ 

তিনি বলেন, ‘সামনে আমাদের কঠিন সময় পার করতে হবে।

বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে- গুপ্ত ও পলাতক বাহিনীর।’ 

এ সময় দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় জেলার পাঁচ উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।