কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে হুমকি দিয়েছেন ভারতে অবস্থান করা দলটির যশোর জেলার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। সম্প্রতি তিনি দলের কেশবপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গৌতম রায়কে মোবাইল ফোনে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।
ভুক্তভোগী গৌতম রায় যুগান্তরকে বলেন, ৯ সেপ্টেম্বর সাবেক শিক্ষামন্ত্রী ও কেশবপুরের কৃতীসন্তান এএইচকে সাদেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাতে ভার্চুয়ালি উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভা হয়। উপজেলা সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ-সদস্য শাহীন চাকলাদার, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ উপজেলা কমিটির নেতারা। আলোচনা শেষে শাহীন, মনিরুলসহ অন্যরা বের হয়ে যান।
গৌতম জানান, তখন তিনিসহ অন্য কয়েকজন অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। রাত ১২টার দিকে সেই সভায় আবারও যুক্ত হন শাহীন চাকলাদার। গৌতম রায় অভিযোগ করে বলেন, আলোচনার একপর্যায়ে শাহীন চাকলাদার আমাকে বলেন, ‘তোমার দল করার দরকার নেই। তোমাকে দল করতে কে বলেছে।’ এ কথার প্রতিবাদ জানালে তিনি (শাহীন) বলেন, ‘আমি এখনো বেঁচে আছি, তুই কীভাবে নেতা হোস আমি দেখে নেব।’
তিনি আরও অভিযোগ করেন, এছাড়া ওই ভার্চুয়াল সভা থেকে তাকে বের করে দেওয়ার জন্যও সভাপতিকে শাসান শাহীন চাকলাদার। এ ঘটনায় সামাজিক মাধ্যমে দলের কয়েকজন নেতা প্রতিবাদ জানিয়েছেন। তাদের একজন তাঁতীলীগের কেন্দ্রীয় সদস্য আনোয়ারুল কবীর।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীন চাকলাদারের গোতম রায়কে হুমকি দেওয়ার বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন।
এ বিষয়ে গৌতম রায় বলেন, বিভিন্ন অত্যাচারে এমনি আমরা জর্জরিত। এরপরও নিজ দলের শীর্ষ নেতারা হুমকি দিলে আমরা কোথায় যাব।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, শাহীন চাকলাদার বিরোধীদের বিপক্ষে দাঁড়াতে না পারলেও দলীয় নেতাকর্মীদের প্রতি ব্যাপক মারমুখী আচরণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শাহীন চাকলাদার দেশের বাইরে। এ কারণে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।