আজ বিএনপি ক্ষমতায়, আমাদের আর পাওয়ার কী আছে- এমন ভাবার সুযোগ নেই মন্তব্য করে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আমরা প্রত্যেকেই সরকারের অংশ।
সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আমরা প্রত্যেকেই সরকারের অংশ। আজ আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি, চলাচল করতে পারি। শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়ার বিষয় নয়। দলের নেতাকর্মীদেরও সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জানতে হবে এবং তা জনগণের কাছে তুলে ধরতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল আজকের অবস্থানে এসেছে। জেলা, মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন। রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় নারীরাও সমানভাবে সক্ষম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনাগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেসব কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দলীয় নেতাকর্মীদেরই। সবাই মন্ত্রী বা সংসদ সদস্য হবেন না, তবে যারা নির্বাচিত হয়েছেন তারা দলেরই প্রতিনিধি। সরকার কীভাবে দেশের মানুষের আর্থিক উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করছে, তা জনগণকে জানতে হবে। এসব কর্মসূচি উপলব্ধি ও আত্মস্থ করে জনগণের মধ্যে তুলে ধরতে হবে।
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের অনেক নেতাকর্মী অতীতে গ্রেপ্তার, রিমান্ড ও কারাভোগের শিকার হয়েছেন। তাদের অনেককে দলীয় কার্যালয় থেকে আটক করে আদালতের মাধ্যমে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়েছিল। সেই ত্যাগ ও নির্যাতনের স্মৃতি এখনো তাদের মনে রয়েছে।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে মহিলা দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচিতে পরিবারের নারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
‘নারীর ক্ষমতায়নের জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ- নারীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে।’
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণবান্ধব কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নের উদ্যোগগুলো জনগণের মধ্যে তুলে ধরতে হবে। দলের নেতাকর্মীদের এসব কর্মসূচি সম্পর্কে জানতে হবে, উপলব্ধি করতে হবে এবং জনগণের কাছে তা ছড়িয়ে দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা।