পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণার মাত্র দুই সপ্তাহ পর রায়হান আহামেদ রনি (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান উপজেলার মহাদেবপুর গ্রামের শাহজাহানের ছেলে এবং সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২৬ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব জিতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রায়হান আহম্মেদ রনিকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছিল।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার ভোররাতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার নথিপত্র জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের কাছে থাকায় ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো সম্ভব নয়, বলেন পুলিশের এই কর্মকর্তা।