Image description

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে হার্ডিং ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ হয়েছেন ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকি। এ ঘটনায় আরও দুজন নদীতে পড়ে গেলেও তাদের উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে হার্ডিং ব্রিজের ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টা পর্যন্ত রাকিবুজ্জামান রকির সন্ধান পাওয়া যায়নি।

নৌকা ভ্রমণে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী নিয়ে একটি বাল্কহেড ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসে। বাল্কহেডটিতে মাঝিসহ আরও কয়েকজন লোক ছিলেন।

মাজার ভ্রমণ শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে তারা হার্ডিং ব্রিজের কাছে পৌঁছালে নদীর স্রোতের ধাক্কায় ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব নামে তিনজন নদীতে পড়ে যান। পরে লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, ‘সে যখন নৌকা থেকে পড়ে গেল, আমি তাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি-সামর্থ্যবান ছেলে। সাঁতারেও দক্ষতা আছে। আশা করছি, সে ফিরে আসবে।’

এদিকে রকিকে উদ্ধারে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘রকিকে উদ্ধারের জন্য নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। বিষয়টি আমরা নজরে রাখছি।’