Image description

শরীয়তপুরে এবার দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, ও কারাবন্দীদের মুক্তির দাবি জানিয়ে এ মিছিলে অন্তত শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিলটি হয়। ইতোমধ্যে বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেসব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুরের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে কমপক্ষে শতাধিক লোকজন ঢাকা-শরীয়তপুর সড়কে একটি বিক্ষোভ মিছিল করছেন।

দিনের আলো ফোঁটায় পাশে দিয়েই অটোরিকশা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়। এমনকি মিছিলের কারণে পেছনের দিকে একটি ট্রাককে আটকে থাকতে দেখা যায়। এসময় বিক্ষোভকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বেসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময় বিক্ষোভকারীদের অনেকের হাতে বাংলাদেশের পতাকাবহন করতে দেখা যায়। এদিকে মিছিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ। দিনের আলোতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এতোবড় বিক্ষোভ মিছিল হলেও তাদের কাছে এখনো পৌঁছায়নি তথ্য। বিষয়টি নিয়ে কথা হয় পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের সাথে।

তিনি বলেন, আজ ভোরে যে মিছিল হয়েছে তা আমাদের জানা নেই। আমরা তাহলে বিষয়টি দেখতেছি। তারা যে বিক্ষোভ মিছিল করবে এমন ইনফরমেশন আমাদের কাছে আসেনি। তাছাড়া জায়গায়টি পালং ও নড়িয়া থানার বর্ডার হওয়ায় হুটহাট করে তারা মোটরসাইকেল নিয়ে এসে কয়েক মিনিট মিছিল করে চলে যায়। আমরা বিষয়টি দেখছি, তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।