সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় থেকে জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হলে সরকারকে টেনে নামাতে তাদের হাত এক চুলও কাঁপবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চের আগে আয়োজিত উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করা হয়, তাহলে সরকারকে টেনে নামাতে তাদের হাত এক চুলও কাঁপবে না।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের দুর্ভোগ কমাতে ব্যর্থ হয়েছে। বরং দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জনগণকে দেওয়া সরকারের সব প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
তাই সরকারকে সংসদে নিজেদের ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
পরে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হয়।শীর্ষনিউজ