Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। তাদের মধ্যে আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা এবং অপর ৯ জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

 

গ্রেপ্তার ব্যক্তিরা সবাই স্থানীয় আজমেরী ওসমানের অনুসারী বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম। তিনি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূঁইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের মাধ্যমে নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের একাধিক দল অবস্থান নেয়।

 

ওসি আরও জানান, রাত ১০টার দিকে সাইনবোর্ডস্থ গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীত সড়কে অভিযুক্ত ব্যক্তিরাসহ আরও কয়েকজন জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে মিছিলের উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।