লর্ডসে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের সামনে। কিন্তু বর্তমানে দলটির যা হাল, তাতে ওই স্বপ্ন দেখাই এক ‘দুঃস্বপ্ন’। সেটাই হয়েছে। জয়ের চিন্তা দূর, দুঃস্বপ্নের মতো আরেকটি সিরিজ কাটল পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৯৪ রানের হার দিয়ে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে। শেষ ইনিংসে ৩৮৯ রানের লক্ষ্যে নেমে ১৯৪ রানে অলআউট হয় পাকিস্তান।
এই হারে অ্যাওয়ে টেস্টে ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই হার হজম করেছে পাকিস্তান। সৌদ শাকিলের ৯৭ ছাড়া শেষ ইনিংসে আর কোনো ব্যাটারই বলার মতো সংগ্রহ গড়তে পারেনি। এ ছাড়া ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আব্বাসের ৫৭ রানে ৫ উইকেট এই টেস্ট থেকে পাকিস্তানের একমাত্র ইতিবাচক দিক। এই সিরিজের ব্যর্থতায় পাকিস্তানের এই দলটিকে গত ৫০ বছরে সবচেয়ে বাজে দল হিসেবেও দেখছে সমর্থকরা।