Image description

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ করে মাত্র দুই শব্দে নিজের অনুভূতি জানিয়েছেন রাষ্ট্রপতির মেয়ে শামারূহ মির্জা—‘ধন্যবাদ, কৃতজ্ঞতা। ’

শুক্রবার (২১ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন শামারূহ। ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

ছবিটির ক্যাপশনে শামারূহ লেখেন, ‘ধন্যবাদ, কৃতজ্ঞতা। ’ তার সংক্ষিপ্ত এই বার্তাকে বাবার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পারিবারিক আবেগের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এর আগে ১৩ আগস্ট বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানায়। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ান।

রাষ্ট্রপতি হওয়ার পথটি মির্জা ফখরুলের জন্য শুধু রাজনৈতিক অর্জন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের সংগ্রাম, পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের ভূমিকা।

রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার আগের দিন সংসদীয় দলের সভায় দেওয়া বিদায়ী বক্তব্যেও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি।

মির্জা ফখরুলের ব্যক্তিজীবনে স্ত্রী রাহাত আরা বেগম এবং দুই মেয়ে শামারূহ ও সাফারূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে নিজের জন্মদিন উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে স্ত্রী ও মেয়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সমর্থনের কথা উল্লেখ করেছিলেন তিনি।

রাষ্ট্রপতি পদে ফখরুলের মনোনয়ন ঘোষণার পর তার পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যেও আনন্দ ও আবেগ দেখা যায়। বাবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শামারূহের ‘ধন্যবাদ, কৃতজ্ঞতা’ পোস্ট সেই আবেগেরই সংক্ষিপ্ত প্রকাশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

শীর্ষনিউজ