Image description

‘জুলাই সনদ আমরাই বাস্তবায়ন করেছি’ এমন মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে ফায়সালা হবে, এ প্রশ্ন মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্য।

শুক্রবার(১৭ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার আয়োজিত প্রফেসর এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আমরা ৩১ দফাতে যেমন কমিটেড জুলাই সনদেও কমিটেড। উচ্চকক্ষে আনুপাতিক হারে বণ্টন হবে, এতে আমরা কখনই একমত হইনি। এটি জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। বর্তমান সরকার উদারপন্থি গণতন্ত্রের দিকে যাওয়ার চেষ্টা করছে।’

সুন্দর শান্তিপূর্ণ, পৃথিবী দেখার প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা খুব বেশিদিন বাঁচবো না কাজ করতে পারবো না আমরা সুন্দর শান্তিপূর্ণ, পৃথিবী দেখে যেতে চাই।’

এসময় তিনি প্রয়াত প্রফেসর এমাজউদ্দীন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ‘প্রফেসর এমাজউদ্দীন সত্যিকারে একজন গণতন্ত্রকামী ছিলেন। যিনি নিজের জন্য কিছু করেনি। যিনি কাজ করেছেন এই দেশের মানুষের মুক্তির জন্য।’

এমাজউদ্দীন আহমেদ চলেছেন গণতন্ত্রের পথ ধরে আমরা সে পথই এগিয়ে যাচ্ছি বলেও জানান তিনি।

শীর্ষনিউজ