Image description

খাগড়াছড়ির মাটিরাঙায় বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন কবিতা ত্রিপুরা (২৫) নামে এক নারী।

 

জানা গেছে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল ম্যাচ নিয়ে তাদের মধ্যে বাজি হয়। বাজির শর্ত ছিল—ইংল্যান্ড হেরে গেলে ওই নারী তার প্রেমিক রাকিবুল ইসলাম মুন্নাকে (২৭) বিয়ে করবেন।

 

কবিতা ত্রিপুরা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নুনছড়ি (দেবতাপুকুর কেমা পাড়া) এলাকার ভৌজেন্দ্র ত্রিপুরার মেয়ে। তার শ্বশুরবাড়ি মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা গ্রামে। অন্যদিকে প্রেমিক রাকিবুল ইসলাম মুন্না একই এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

 

কবিতা ত্রিপুরার স্বামী খপিতা ত্রিপুরা জানান, খেলায় বাজিতে হেরে শুক্রবার (১৭ জুলাই) ভোর চারটার দিকে তার স্ত্রী অবুঝ দুই সন্তানকে ঘুমে রেখে পালিয়ে যান। যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

 

তিনি আরও জানান, জীবিকার তাগিদে তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। এই সুযোগেই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

 

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, তাদের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। কবিতা ত্রিপুরার স্বামী থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করেছেন। পুলিশ এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।