Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারে, তারা ক্ষমতায় থাকার অধিকারও খুব শিগগিরই হারাবে।

সাভারে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের পর সোমবার রাতে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সাভারে আমাদের পদযাত্রায় ন্যক্কারজনকভাবে বোমাহামলা হয়েছে। হত্যার উদ্দেশ্যেই এ হামলা হয়েছে।’

‘থানার দায়িত্ব ছিল রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার। কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মামলা দায়ের করছি। তারা আমাদের কথা দিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করবে।’

নাহিদ বলেন, ‘আমাদের কাছে যেটা স্পষ্ট, এটা শুধু আইনশৃঙ্খলাজনিত বিষয় নয়, এর পেছনের উদ্দেশ্য রাজনৈতিক।’

‘স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন—আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়েছে, সেই হয়েছে...। কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, সেটা তারা থামাতে পারছে না। একদিকে মুখে বড় বড় কথা বলা হচ্ছে, প্রশাসনিকভাবে তাদের আস্কারা দেওয়া হচ্ছে। সারা দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিএনপি ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করেছে। মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে; টাকা-পয়সা নিয়েছে; ভোট নিয়েছে। তাদের দিয়ে সন্ত্রাসী কার্যক্রমও করাচ্ছে। এ ঘটনায় স্থানীয় এমপিরও দায় রয়েছে। হামলায় তার সংশ্লিষ্টতা আছে কি না, খতিয়ে দেখতে হবে।’

‘ফ্যাসিস্টদের যারাই পুনর্বাসিত করবে, প্রশ্রয় দেবে, বোমাবাজির রাজনীতি যারা নতুন করে শুরু করতে চাইবে, তাদের জনগণ প্রতিরোধ করবে।’

নাহিদ বলেন, ‘আজ একজন শহিদের বাবা আহত হয়েছেন। এটা স্পষ্ট, এটি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত ব্যর্থতা। তারা আওয়ামী লীগকে ডিল করতে পারেনি। জনগণকে নিরাপত্তা দিতে পারেনি। এবং তারা যদি নিরাপত্তা দিতে না পারে, তারা ক্ষমতায় থাকার অধিকারও খুব শিগগিরই হারাবে বলে আমরা মনে করি।’