কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সঞ্জয় শর্মার একটি ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা, ত্যাগ ও বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলে, ‘গভীরভাবে চিন্তা করে দেখলাম, আওয়ামী লীগ করার কারণে প্রতিদিন দশটা জুতার বাড়ি আমার প্রাপ্য।’
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে সঞ্জয় শর্মা দাবি করেন, ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বৃহত্তর বাগমারা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরে সভাপতির দায়িত্ব পালন করেছেন।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ বিসর্জন দিয়ে দলের জন্য কাজ করলেও শেষ পর্যন্ত যথাযথ মূল্যায়ন পাননি। তার ভাষ্য অনুযায়ী, উচ্চশিক্ষা সম্পন্ন করার পরও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি নাগরিক ও পেশাগত নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
একই স্ট্যাটাসে জেলা আওয়ামী লীগের নেতৃত্ব, দলীয় পদ-পদবি বণ্টন এবং তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার দাবি, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা অনেক ত্যাগী নেতাকর্মী উপেক্ষিত হলেও নেতৃত্বে পরিবর্তন আসেনি। এ ছাড়া সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে এম মুস্তফা কামাল (লোটাস কামাল)-এর রাজনৈতিক কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করলেও তিনি কখনোই মন্ত্রী বা তার পরিবারের কাছে পরিচিতি পাননি।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘তবু বিপন্ন জীবনের শত যন্ত্রণা বুকে নিয়ে বলি, আমি জয় বাংলার লোক। ভালো থাকুক বাংলাদেশ, অটুট থাকুক স্বাধীনতা।’