Image description

প্রতিশোধ নিলেও অতীতের ক্ষতি পূরণ হবে না, শারীরিক যন্ত্রণা কমবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মীদের প্রতিশোধপরায়ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশ ও জাতির জন্য অবদান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নিজের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘জেলের মধ্যে থেকে এসেছি আমি, নির্যাতিত হয়েছি শারীরিক ও মানসিকভাবে। এখনো এক্স-রে করলে হয়তো দেখা যাবে আমার পিঠের হাড়টা একটু বাঁকা হয়ে লেগে আছে। যেহেতু অনেক দিন এভাবে ফেলে রাখা হয়েছিল, সময়মতো চিকিৎসা করা হয়নি, সেজন্য হয়তো একটু বাঁকাভাব রয়ে গেছে। যদিও চার সপ্তাহের মধ্যেই জোড়া লেগে যায় তিনটি হাড়।’

তিনি আরও বলেন, ‘যারা এটার জন্য দায়ী, এখন আমি যদি... হয়তো সেটা করা আমার জন্য সম্ভব, কিন্তু আমার হাড় তো জোড়া লাগবে না। আমি এখনো যে ব্যথাটা মাঝে মাঝে অনুভব করি, সেই ব্যথাটা কি চলে যাবে? বন্ধ হয়ে যাবে? তা তো হবে না।’

প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে তার ভাষ্য, ‘আমার মনে হয় সেজন্যই আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, এখনো আপনার পরিবার আপনার সঙ্গে আছে। আমাদের চিন্তা করা উচিত এভাবে, আমরা এখন জাতি ও দেশের জন্য কী অবদান রাখতে পারি।’

বিএনপি চেয়ারম্যান হিসেবে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, এর প্রতিদান আসবে না। এটা থেকে আমাদের অবস্থান একটু পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদের বলছি। আমাকে দয়া করে সাহায্য করবেন কথাটা আমার নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।’

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, বক্তৃতা লেখক এসএএম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন ও শাহাদাত হোসেন স্বাধীন।