নিখোঁজ হওয়ার একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা ১টার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ইনসিটু) ডা. নিশাত সুলতানা এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিসানের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য গঠিত চার সদস্যের মেডিকেল বোর্ড তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে জিসানকে সুস্থ উল্লেখ করা হয়েছে। বোর্ডের মতামতের ভিত্তিতেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এর আগে, গত রোববার (১৪ জুন) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের প্রধান ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হেলালুর রহমান। অন্য সদস্যরা হলেন- নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম এবং অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার।
হাসপাতাল সূত্র জানায়, বোর্ড জিসানের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে তাকে সুস্থ উল্লেখ করায় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করে।
এর আগে, জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হওয়ার পর গত ১১ জুন রাতে কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হন। পরে তাকে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মামলার প্রক্রিয়া অনুযায়ী জিসানকে আদালতে হাজির করা হবে।