পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণার প্রতিবাদে দুই দফায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
শনিবার (৬ জুন) সন্ধ্যার পর বাউফল উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাউফল-ঢাকা মহাসড়কে ছাত্রলীগ নেতা রাইজুল আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে, একই দিনে নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা মোরশেদুল ইসলাম শুভর নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হকের অনুসারী। বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছে। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে অল্প সময়ের মধ্যে তারা চলে যাওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের নজরে আসেনি। তবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।