Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। বুধবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান রাশেদ খান।

তিনি বলেন, এর আগে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আরও দুবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে দেখা-সাক্ষাৎ ও কথা হয়নি। সে কারণেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান।

রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় তরুণদের গুরুত্ব দেন এবং তাদের রাজনীতিতে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করেন। তরুণ নেতৃত্ব বিকাশের বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। ঝিনাইদহ-৪ আসনে তাকেই দলীয় মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান। তবে নির্বাচন জেতা বা হারার চেয়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা নেতাকর্মীদের মূল্যায়নকে তিনি বেশি গুরুত্ব দেন বলে উল্লেখ করেন রাশেদ খান।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম করে রাজনীতিতে আসা কর্মী ও নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সবসময়ই ইতিবাচক। এ ধরনের সংগ্রামী নেতৃত্বকে তিনি আলাদাভাবে মূল্যায়ন করেন এবং উৎসাহিত করেন।

সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে— এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, দীর্ঘদিন পর দেখা হওয়ায় সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সবার প্রতিই আন্তরিক আচরণ করেন এবং তার প্রতিও একই ধরনের আন্তরিকতা দেখিয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের স্নেহ ও ভালোবাসা সবসময়ই তারা অনুভব করেন।

রাশেদ খান আরও বলেন, যুগপৎ আন্দোলনের সময় বিএনপি নেতৃত্বের ভূমিকায় ছিল। পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন তাঁরা। সে কারণেই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরামর্শ বিনিময় রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।