Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের একদিন পর চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ মে) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশনা এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে বিষয়টি অবগত করে কেন্দ্রীয় কাউন্সিলে পত্র পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদান শেষে জসিম উদ্দিন বলেন, আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হোক এই প্রত্যাশা থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।