Image description

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ জন নেতাকর্মীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিরকুট ও ককটেল সদৃশ বস্তু রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল রবিবার (১৭ মে) দিবাগত রাতের কোনো এক সময়ে জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলু মিয়ার বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল ও দুটি হুমকিমূলক চিঠি ফেলে রাখা হয়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গাংনী থানা পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তু ও চিরকুটগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেল দুটি নিষ্ক্রিয় করার জন্য তাৎক্ষণিকভাবে পানিভর্তি বালতিতে রাখা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া একটি চিরকুটে লেখা ছিল— ‘শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কুকুরের বাচ্চা বিএনপিদের কী হাল করবো...!’ অন্য আরেকটি চিঠিতেও বিএনপির স্থানীয় এক নেতার নাম উল্লেখ করে জবাই করার হুমকি দেওয়া হওয়াসহ বেশ কিছু চরম আপত্তিকর ও অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। এই চিঠিতে স্থানীয় ১৮ জন সক্রিয় বিএনপি নেতাকর্মীর নাম তালিকাভুক্ত করা রয়েছে।

এই ঘটনার পর থেকে পুরো জোড়পুকুরিয়া গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া ক্ষোভ ও ভয় প্রকাশ করে বলেন, "এর আগেও আমাকে বেশ কয়েকবার চিরকুট পাঠিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি এবং আমার পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দাবি, যারা এই নোংরা কাজের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।"

সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবলু মিয়ার দোকানের সামনে এই ককটেল ও চিঠি পাওয়ার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তু এবং চিরকুটগুলো জব্দ করেছে। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করে খুব দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

শীর্ষনিউজ