রাজশাহীতে বিভিন্ন দল থেকে প্রায় ৫০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মহানগর এনসিপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবির থেকে এনসিপিতে যোগ দিতে আসা প্রায় ৫০ জনকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তারা আগে কে কোন দলের রাজনীতি করতেন এবং তাদের পদ কী ছিল, তা অনুষ্ঠানমঞ্চ থেকে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের নানা সমালোচনা করে বক্তব্য দেন।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ ও এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।