Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদ ও ওয়াসিমদের আত্মত্যাগের যে স্বপ্ন ছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “সরকার উন্নয়ন না করে শুধু বিভিন্ন কার্ড বানাচ্ছে। জনগণ যদি এসব কার্ডের সুফল না পায়, তাহলে আমরাও একটি ‘লাল কার্ড’ বানাব।”

শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাটোয়ারী বলেন, “শুধু কার্ড দিয়ে জনগণকে সন্তুষ্ট রাখা যাবে না। মানুষের মৌলিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রের স্বার্থ যদি সবার আগে হয়, তাহলে সীমান্তে কেন মানুষ হত্যা হবে? ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না।” তিনি রাজশাহীর নদীগুলোতে পানির সংকটের কথা তুলে ধরে পানিবণ্টন ইস্যুতে কোনো আপস না করার আহ্বান জানান। প্রয়োজনে রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে ভারত অভিমুখে লংমার্চের ঘোষণাও দেন তিনি।

এনসিপি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে উল্লেখ করে পাটোয়ারী বলেন, “আমরা লুণ্ঠন বা চাঁদাবাজির রাজনীতি করি না, মানুষের জন্য রাজনীতি করি।”

মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, এস এম সাইফ মোস্তাফিজ, নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) সারজিস আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।