কুমিল্লাসহ আশপাশের অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্ব তুলে ধরে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পর সরকার গঠনের প্রথম ১০ দিনের মধ্যেই কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষকের ঋণ ও সুদ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদিত হয় এবং এসব এলাকার অনেক কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।
এ সময় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, খুব শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার আগে দেশ, দেশটা সবার। আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, মানুষ সেই ভিত্তিতেই আমাদের ভোট দিয়েছে। যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করব।’
এ সময় সভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে তারেক রহমান বলেন, ‘ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে তা বাস্তবায়ন হবে।’
এদিন বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের সূচনা করবেন।