Image description

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ করে।’

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১৬-১৭ বছর দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেত, মামলা হতো, ধরে নিয়ে যেত। যারা এসব করতো দেশের মানুষ ২০২৪ সালে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে।’  

তারেক রহমান সবার প্রতি দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ শহীদ হয়েছেন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের দেশ গড়ার পালা।

‘আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। ঠিক একই সময় পৃথিবীর অনেকগুলো দেশ স্বাধীন হয়েছিল। সেই দেশগুলো আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এ দেশের মানুষ। সেই স্বৈরাচারের কবল থেকে এদেশের মানুষ দেশকে মুক্ত করেছে।’

কুমিল্লা বিভাগের বিষয়ে তিনি বলেন, ‘জনগণ দেশের মালিক। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবেই। এসময় তিনি কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী নিয়ে বলেন, যত দ্রুত সম্ভব কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেয়া হবে। যেহেতু এই এলাকা থেকে সবজি সারাদেশে বিক্রি হয়। এবং সবজি বিদেশেও রপ্তানি হয় সুতরাং এই বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া সাহেব সুমনসহ বিএনপি অঙ্গ সংগঠনের কুমিল্লা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিভিন্ন জেলা উপজেলার বিএনপি ও অংগ সংগঠনের নেতাকারীতে উপস্থিত ছিলেন