ফেসবুকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ছবি যুক্ত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “জামায়াত ৭১ সালে ২ লাখ মা বোনকে ধর্ষণ করছে, আচ্ছা সেই মা বোনের ছেলে মেয়েগুলো কই? কখনো কাউকে দাবি করতে শুনলাম না কেন যে জামায়াতের অমুক নেতা আমার মা, বোন, নানিকে ধর্ষণ করছে : গোবিন্দ প্রামাণিক।”
‘Meer Zahan’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “এই কতাডা কম খারাপ বলেনি, বি.এন.পিতে এরকম কারা আছো হাত জাগাও বাবুরা, তোমরাইতো বেশি বলো জামায়াতের লোকেরা ৭১ সালে তোমাগোরে কী যেন করিছে?”
দ্য ডিসেন্টের যাচাইয়ে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নামে প্রচারিত এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটিতে নিচে 'cvnbangla24.com' এবং 'স্বজন হারানোর ১৯৭৫' লেখা দেখতে পাওয়া যায়। তবে ইন্টারনেটে সার্চ করে 'cvnbangla24.com' নামের কোনো সংবাদমাধ্যমের অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে গোবিন্দ প্রামাণিকের এমন কোনো বক্তব্যের প্রমাণ দেশের কোনো মূলধারার পত্রিকা, টেলিভিশন চ্যানেলে পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্য ডিসেন্টকে বলেন, “প্রশ্নই আসে না। এ ধরনের কোনো কথা আমি কখনোই কোথাও বলিনি।”
অর্থাৎ, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে গোবিন্দ প্রামাণিকের নামে প্রচারিত আলোচিত উক্তিটি বানোয়াট।