দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর জেলায় সফর করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই সফরে তিনি জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।
এর আগে তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে বিএনপির একজন কর্মী হিসেবে চাঁদপুর সফর করেছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, শনিবারের সফরে প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন-কাজের উদ্বোধন করবেন। এ ছাড়া চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
দলীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করবেন। পথে বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
বিকেলের কর্মসূচিতে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর আড়াইটায় সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন।
প্রধনামন্ত্রীর সফরের আরেকটি বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে একযোগে দেশের ২২টি জেলায় প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানা গেছে। সাধারণ মানুষের মাঝে এ কর্মসূচি নিয়েও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী। সেখানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিনজন মন্ত্রী। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলের নেতারা।
সর্বশেষ ২০১২ সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এ জেলায় যাচ্ছেন। জিয়া পরিবারের সন্তান হিসেবে তার এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।