Image description

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বানিয়েছিলেন। একইসঙ্গে তিনি শিক্ষকদের বিদেশে ছুটি কাটানোর বদলে এখানে পড়ানোর ব্যবস্থা করেছিলেন।

মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত কর্মশালায় এসব কথা বলেছেন মন্ত্রী।

দেশের উচ্চশিক্ষাখাতে বেগম জিয়ার পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেছেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় ডক্টর ইয়াজউদ্দিন সাহেবের নেতৃত্বে ১৯৯২ প্রাইভেট অ্যাক্ট দিয়ে দেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ওপেন ইউনিভার্সিটি হয়েছিল। বর্তমানে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা ৫৭-তে দাঁড়িয়েছে।

‘আমরা কোয়ান্টিটিতে এগিয়ে গেলেও কোয়ালিটিতে কতটুকু পেরেছি তা ভাবতে হবে’, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিয়ে বলছিলেন মন্ত্রী মিলন।

ড. মিলন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে শিক্ষাব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেছিলেন। দেশমাতা বেগম খালেদা জিয়াও শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।

‘বর্তমান প্রধানমন্ত্রীও একইভাবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন’, আগামী দিনের শিক্ষাব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

ইউজিসি আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা।’ এতে সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, কূটনীতিক শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।