বগুড়ার ধুনট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে আদালতে নেওয়ার সময় থানা চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তার সমর্থকরা।
শনিবার (৯ মে) দুপুরে ধুনট থানা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে আদালতে পাঠানোর সময় এ ঘটনা ঘটে।
শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়। আব্দুল হাই খোকন ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ছাড়া তার নামে ১১টি মামলা রয়েছে। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা চত্বরে স্লোগান দেওয়া বিষয় অস্বীকার করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।