লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টারবাড়ির নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ব্যানারে লেখা ছিল— অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই। ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা গেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মিছিল নয়, আরো মামলাও রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিষয়টি জানানো হবে।