Image description

আমরা (জামায়াত-এনসিপি) নির্বাচনি জোটে রয়েছি। স্থানীয় বা সিটি কর্পোরেশন নির্বাচনেও জোটবদ্ধ হতে পারে। আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এমন ইঙ্গিত দিলেন বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

স্থানীয় নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে এককভাবে নির্বাচন হবে কি না। তবে প্রত্যেক দলের মত আমরাও প্রস্তুতি নিচ্ছি।

এনসিপি সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধীদলের মত সংসদকে অকার্যকর করে দেইনি।

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসি প্রসঙ্গে নাহিদ বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য তারা দিচ্ছে না। আমরা বিরোধীদলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি।

তিনি বলেন, যেহেতু বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, সেখানে বিরোধীদলের জায়গাটা সংকুচিত। আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলন হোক, সেটা চাই না। তবে সংসদে এটার সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়াবে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে। আর বিএনপি কেনো জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটা তারাই ভালো বলতে পারবে।

চট্টগ্রামের রাজনৈতিক কর্মসূচি শেষে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা। পরে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন।