অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ১০ এর মধ্যে ৬ নম্বর দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে ‘অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ১০ এর মধ্যে কত নাম্বার দিতে চান’ এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ১০-এর মধ্যে ৬ দেব। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো তারা একটি চরম অস্থিতিশীল মুহূর্তে দায়িত্ব নিয়ে নির্বাচনের একটি পথ তৈরি করতে পেরেছে।
মঞ্জু বলেন, ড. ইউনূস এমন একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব যার আহ্বানে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় সাড়া দিচ্ছে। তবে কিছু ক্ষেত্রে তাদের পরিচালনা পদ্ধতিতে দুর্বলতা ছিল। বিশেষ করে কোনো অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ছাত্রদের কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা কিছুটা বিশৃঙ্খলা তৈরি করেছে।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা পরামর্শ দিয়েছিলাম যে ছাত্রদের সরাসরি প্রশাসনে না বসিয়ে আগে একটি বিশেষ প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা উচিত ছিল। এছাড়া সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশের ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ এখনো শতভাগ প্রতিষ্ঠিত হয়নি।
তিনি আরও বলেন, শুরুতে ছাত্রদের যতটা প্রাধান্য দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার তাদের সঙ্গে একধরণের দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা যায়। সরকারকে আরও বেশি ইনক্লুসিভ হতে হবে এবং সব পক্ষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলা করতে হবে।