ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নিপুন রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় তার সম্পদ, আয় ও গয়নার বিস্তৃত তথ্য উঠে এসেছে।
হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের নিজ নামে রয়েছে প্রায় ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না। এছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামেও রয়েছে আরও প্রায় ১০০ ভরি গয়না। তবে এসব গয়নার নির্দিষ্ট আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি; এগুলো উপহার হিসেবে পাওয়া এবং অর্জনকালীন মূল্য অজানা বলে উল্লেখ করা হয়েছে।
নিপুণ রায় বিএনপির ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
পেশাগতভাবে তিনি একজন আইনজীবী। তার বার্ষিক আয় প্রায় ২৬ লাখ টাকা। পাশাপাশি শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে আরও সাড়ে চার লাখ টাকার মতো আয় হয় বলে হলফনামায় উল্লেখ রয়েছে। তার স্বামী অমিতাভ রায় পেশায় ব্যবসায়ী।
সম্পদের হিসাবে দেখা যায়, নিপুণ রায়ের নামে প্রায় ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত রয়েছে। এছাড়া তার নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, তার স্বামীর অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।
স্থাবর সম্পদের মধ্যে একটি ফ্ল্যাটের তথ্য দিয়েছেন তিনি, যার ক্রয়মূল্য ৮৫ লাখ ২০ হাজার টাকা। তবে ফ্ল্যাটটির অবস্থান উল্লেখ করা হয়নি।
এছাড়া হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের নামে ব্যাংকঋণ ও ব্যক্তিগত দায় রয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা। স্বামী-স্ত্রী মিলিয়ে তাদের কাছে নগদ অর্থ রয়েছে প্রায় ৭৬ লাখ টাকা, যার মধ্যে তার নিজের নামে রয়েছে ১৩ লাখ ২৯ হাজার টাকা।
শীর্ষনিউজ