Image description

চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। সমাবেশে এই হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের নেতারা।

​মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ চত্বর থেকে শাখা ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সালাম বরকত হলের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও এক হও’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না’, এবং ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দেন। তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সরকারদলীয় ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পরও আমাদের দ্বারা ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু ইসলামী ছাত্রশিবির আমাদের এই ধৈর্য ও সহ্যের পরীক্ষাকে দুর্বলতা ভেবেছে।

​চট্টগ্রাম সিটি কলেজের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, আমাদের ধৈর্যের ধারাবাহিকতায় আমরা দেখেছি, আজকে সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের ওপর তারা (শিবির) বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলামী ছাত্রশিবির যদি ক্যাম্পাসগুলোতে তাদের গুপ্ত ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরে না আসে, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

​সমাবেশে জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকসহ সংগঠনটির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।