Image description

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্লাটফর্মের ৪৭ জন। তাদের মধ্যে অনেককে রোববার (১৯ এপ্রিল) রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত করা হয়েছে। 

 

কমিটিতে আলী আহসান জুনায়েদকে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সানী আব্দুল হক (এবি পার্টির নেতা), রাফে সালমান রিফাত ও শাহরিন সুলতানা ইরা (আপ বাংলাদেশের মুখপাত্র)।

এছাড়া সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে বাকিদের। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এর আগে, রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জুনায়েদ-রাফে সালমানদের দলে ভেড়ার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুনায়েদ-রাফে সালমানরা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদও এনসিপিতে যোগ দিয়েছেন। 

তাদেরকে দলে ভেড়ানোর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘যারা যুক্ত হয়েছেন, তারা যে আমাদের থেকে খুব আলাদা ছিল—এমন না। তারা ভিন্ন ভিন্ন প্লাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছে। যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্লাটফর্মে কাজ করেছেন, আমাদের কাছে মনে হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই।’