জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশীদের চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। রাজনীতিতে ত্যাগী ও সংসদে কথা বলার মতো যোগ্যদের বেছে নিতে চায় দলটি। এ ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং বাচনভঙ্গিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বিকেল সাড়ে ৩টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মনোনয়ন বোর্ড সদস্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী সাক্ষাৎকারের প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয়েছে। আজ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, পৃথকভাবে জেলাভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের একসঙ্গে পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডে ডাকা হয়। তাদের জীবনবৃত্তান্ত দেখেন বোর্ডের সদস্যরা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকের কাছে জানতে চান– মনোনয়ন পেলে কী করবেন, না পেলে কী করবেন? বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশী তারেক রহমানের ওপর বিষয়টি ছেড়ে দেন। তারা দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দলের ত্যাগীদের মূল্যায়ন করার আহ্বান জানান।
মনোনয়ন বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান তথাকথিত রাজনীতির বাইরে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। প্রতিপক্ষকে কুরুচিপূর্ণ আক্রমণের পরিবর্তে যুক্তি দিয়ে কথা বলার মতো ইতিবাচক রাজনীতির সূচনা করতে চাচ্ছেন। সংরক্ষিত আসনের এমপিরা যাতে জ্ঞান, যুক্তি এবং সঠিক তথ্য দিয়ে সংসদকে কার্যকর করতে পারেন, সেদিকেই বেশি নজর দিতে চাচ্ছেন তারেক রহমান। তিনি আর আগের মতো অকার্যকর কোনো সংসদ দেখতে চাচ্ছেন না।
দলীয় সূত্র জানায়, প্রথম দিনে চার শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সাক্ষাৎকারে অংশ নেওয়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি পিরোজপুর জেলার সুলতানা জেসমিন জুঁই সমকালকে বলেন, মনোনয়ন বোর্ড বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, দেশ গঠনে পরিকল্পনাসহ বক্তব্য রাখার মতো যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে। মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মহিলা দলের নেত্রী উম্মে কুলসুম জানান, তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে ‘দল কেন আপনাকে মনোনয়ন দেবে।’ তিনি এ ব্যাপারে যুক্তি তুলে ধরেছেন। সবকিছু বিবেচনায় দল যাকে মনোনয়ন দেবে, তাকেই মেনে নেবেন। ঠাকুরগাঁও থেকে আসা আরেক প্রার্থী নাজমা পারভিন বলেন, দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে।
সাক্ষাৎকার শুরুর আগে গুলশান কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা একটি কঠিন ও দুঃসময়ের মধ্য দিয়ে আজ গণতন্ত্রের এই পর্যায়ে পৌঁছেছি। গত ১৫ থেকে ১৭ বছরের আন্দোলনে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অবশ্যই মূল্যায়িত হবে। পাশাপাশি সংসদে কথা বলা, আইন প্রণয়নে অংশ নেওয়ার সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা গুরুত্ব পাবে।’