ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জেলার শৈলকুপা উপজেলার পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র কাজী আশরাফুল আজম রোববার (১৫ মার্চ) নিজ বাসায় এই ইফতারের আয়োজন করেন। জানা গেছে, এই ইফতারের মাধ্যমে ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতারা প্রথম প্রকাশ্যে একত্রিত হয়েছেন।
ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব, পৌর বিএনপির সহসভাপতি মিজানুর রহমান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া থানা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহেদুজ্জামান ইকুসহ অন্যান্য আওয়ামী লীগের বহু নেতাকর্মী অংশ নেন।
বিশেষ এই ইফতার মাহফিলে স্থানীয় কোনো সংবাদকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কেউ কেউ ইফতারের ভিডিও ও ছবি প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, উভয় দলের নেতারা কুশল বিনিময় করছে, পাশাপাশি বসে আছে। তবে উভয় দলের তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ইফতার মাহফিলের আয়োজক পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র কাজী আশরাফুল আজম বলেন, আওয়ামী লীগ-বিএনপির ২০০ থেকে ২৫০ নেতাকর্মী নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছিল। তবে ইফতারে প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করে।
শৈলকুপা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও বিএনপির সাবেক মেয়র খলিলুর রহমান বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অংশ হিসেবে ইফতারে অংশ নিয়েছি।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের এই ইফতার মাহফিল প্রসঙ্গে কিছুই জানেন না শৈলকুপা থানার ভারপ্রান্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। তিনি বলেন, কারও বাড়িতে কোনো কিছু হলে সেটি দেখার বিষয় নয়।