Image description

মঈন উদ্দিন

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। ক্ষমতায় এসেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে। সে সময় এটিকে দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হয়েছিল। আশা করা হয়েছিল, দীর্ঘদিনের পানি সংকট নিরসন হবে এবং পদ্মা তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে। কিন্তু চুক্তিতে কোনো গ্যারান্টি ক্লজ না থাকায় এবং কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়ার অভাবে সেই প্রত্যাশার কিছুই বাস্তবায়িত হয়নি। এখন তিন দশক পর প্রশ্ন উঠেছে—সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ, কৃষক, জেলে, পরিবেশবিদ ও নদী গবেষকদের অভিজ্ঞতা বলছে, কাঙ্ক্ষিত সুফল এখনো অধরাই রয়ে গেছে।

বাংলাদেশের কাছে ফারাক্কা কেবল একটি ব্যারাজের নাম নয়, এটি একটি দীর্ঘ রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিতর্কের প্রতীক। ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারাজ ১৯৭৫ সালে চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের শুষ্ক মৌসুমের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ শুরু হয়। গঙ্গার পানির একটি বড় অংশ হুগলি নদীতে সরিয়ে নেওয়ার ফলে ভাটির দেশ বাংলাদেশে পদ্মার প্রবাহ কমে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ১৯৯৬ সালের চুক্তি সেই সমস্যার টেকসই সমাধান দেবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, পদ্মা এখনো হারানো যৌবন ফিরে পায়নি, বরং প্রমত্ত পদ্মা এখন ধু-ধু বালুচরে পরিণত হয়েছে।

 

একসময় রাজশাহীর বুক চিরে বয়ে যাওয়া পদ্মা ছিল এক দুরন্ত নদী। বর্ষা তো বটেই, শুষ্ক মৌসুমেও তার বিশাল জলরাশি বিস্ময় জাগাত। এখন শীত ও গ্রীষ্মকালে পদ্মার বিস্তীর্ণ অংশজুড়ে চর জেগে ওঠে। কোথাও কোথাও নদীর মূল স্রোত এতটাই সংকুচিত হয়েছে যে মাঝনদী দিয়েও হেঁটে চলাচল করা সম্ভব। এই পরিবর্তন শুধু দৃশ্যগত নয়; এর গভীরে রয়েছে একটি বড় পরিবেশগত সংকট।

 

ফারাক্কার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুরসহ বিস্তীর্ণ অঞ্চলে নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ কমে গেছে। পদ্মার সঙ্গে সংযুক্ত অসংখ্য শাখা নদী, খাল ও বিল বছরের অধিকাংশ সময় পানিশূন্য বা অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে। একসময় যেসব নদী স্থানীয় অর্থনীতি ও জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র ছিল, সেসব নদীর মধ্যে অনেক নদীই আজ অস্তিত্ব সংকটে।

 

সবচেয়ে গভীর প্রভাব পড়েছে ভূগর্ভস্থ পানির ওপর। গত কয়েক দশকে উত্তরাঞ্চলের বহু এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। ফলে কৃষকদের সেচব্যয় বেড়েছে, বিদ্যুৎ খরচ বৃদ্ধি পেয়েছে এবং কৃষি উৎপাদন আরো ব্যয়বহুল হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে উত্তরাঞ্চল একটি বড় পরিবেশগত সংকটের মুখোমুখি হবে।

 

ফারাক্কার আরেকটি বড় প্রভাব পড়েছে কৃষিতে। দেশের অন্যতম খাদ্যভান্ডার উত্তরাঞ্চলে ধান, গম, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে পানির ভূমিকা অপরিসীম। কিন্তু পানির সংকটের কারণে কৃষি উৎপাদনের ব্যয় বেড়েছে এবং কৃষকদের অধিক সেচনির্ভর হতে হয়েছে। অনেক এলাকায় ফসলের বৈচিত্র্যও কমে গেছে।

 

মৎস্যসম্পদেও এর নেতিবাচক প্রভাব সুস্পষ্ট। পদ্মা ও এর শাখা নদীগুলো একসময় দেশীয় মাছের গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্র ছিল। নদীর প্রবাহ হ্রাস, নাব্যতা সংকট ও জলজ পরিবেশের পরিবর্তনের ফলে বহু দেশীয় মাছের সংখ্যা কমে গেছে। ফলে হাজার হাজার জেলে পরিবার জীবিকার সংকটে পড়েছে।

 

পরিবেশগত ক্ষতির বিষয়টি আরো উদ্বেগজনক। নদীর প্রবাহ কমে গেলে শুধু পানি কমে না, বদলে যায় পুরো পরিবেশব্যবস্থা। উত্তর-পশ্চিমাঞ্চলে খরার প্রকোপ বৃদ্ধি, জলাশয় সংকোচন, বাতাসের আর্দ্রতা হ্রাস এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে নদীর প্রবাহ কমে যাওয়ার সম্পর্ক রয়েছে বলে গবেষকেরা মনে করেন। রাজশাহী অঞ্চলে ক্রমবর্ধমান তাপপ্রবাহের পেছনেও জলাশয় ও নদীর সংকোচন একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতি ধীরগতির মরূকরণের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে ।

 

ফারাক্কার কারণে সৃষ্ট ক্ষতির অর্থনৈতিক মূল্য নির্ধারণ করা সহজ নয়। কৃষি, মৎস্য, পরিবেশ, নৌপরিবহন, ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং জীববৈচিত্র্যের ওপর সম্মিলিত প্রভাব বিবেচনায় নিলে ক্ষতির পরিমাণ বিপুল হয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনযাত্রা, জীবিকা এবং একটি অঞ্চলের দীর্ঘমেয়াদি পরিবেশগত নিরাপত্তা।

 

এই বাস্তবতায় ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ। নতুন আলোচনায় বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত শুধু নির্দিষ্ট পরিমাণ পানি নিশ্চিত করা নয়, বরং আন্তর্জাতিক নদী আইনের আলোকে ন্যায্য, সমতাভিত্তিক ও টেকসই পানিবণ্টনের কাঠামো প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী, কোনো উজান দেশের কর্মকাণ্ডে ভাটির দেশের উল্লেখযোগ্য ক্ষতি হওয়া উচিত নয়। বাংলাদেশের উচিত এই নীতিকে সামনে রেখে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা।

 

এ ক্ষেত্রে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; গবেষক, নদী বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। নতুন চুক্তির আলোচনায় নদীর পরিবেশগত প্রবাহ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং ভাটির দেশের দীর্ঘমেয়াদি স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

 

তবে নতুন চুক্তি স্বাক্ষরিত হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন ভাবার সুযোগ নেই। গত পাঁচ দশকের ক্ষতি রাতারাতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু পদ্মায় পর্যাপ্ত প্রবাহ নিশ্চিত করা গেলে নদীর পুনর্জীবন শুরু হতে পারে। শুকিয়ে যাওয়া শাখা নদীগুলো নতুন প্রাণ ফিরে পেতে পারে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমতে পারে। কৃষি, মৎস্য ও পরিবেশ আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে।

 

ডিসেম্বর তাই শুধু একটি চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় নয়; এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তে আমাদের প্রশ্ন একটাই—নতুন আলোচনায় বাংলাদেশ কি পদ্মার প্রাপ্য পানি আদায় করতে পারবে? কারণ পদ্মার পানি শুধু একটি নদীর প্রবাহ নয়; এটি উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার। পদ্মা বাঁচলে উত্তরাঞ্চল বাঁচবে, আর উত্তরাঞ্চল বাঁচলে আরো শক্তিশালী হবে বাংলাদেশ। তাই আসন্ন আলোচনায় জাতীয় স্বার্থের প্রশ্নে দৃঢ় ও সুদূরপ্রসারী অবস্থান নেওয়ার বিকল্প নেই। এখন সময় পদ্মার ন্যায্য অধিকার নিশ্চিত করার।

 

লেখক: সাংবাদিক ও মানবাধিকার কর্মী