Image description

যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীরা কেউ দেশে ফিরলে কর্মসংস্থান এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী নুর বলেন, ‘দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহা ও উদ্দীপনায় কাজ করতে দেখতে পাচ্ছি। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ যদি একসঙ্গে সরকারকে সহযোগিতা করে, তবে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

 

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার কারো প্রতিপক্ষ নয়। এ সরকার আমাদের সবার সরকার। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন—পরিস্থিতির অবনতি হলে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে এলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ কিংবা কল্যাণে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন প্রমুখ।