Image description

শরিফ ওসমান হাদির খুনিরা কীভাবে ভারতে পালিয়ে গেল, কাদের মাধ্যমে পালিয়ে গেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

 

সোমবার (৯ মার্চ) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

 

তিনি বলেন, ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এমন একটি সংবাদ পেয়েছি। মূল যে বিষয়টা সেটা হলো, হাদির হত্যার জন্য যারা এই শুটারদের ভাড়া করেছে, যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের ধরতে হবে।

 

হাদি হত্যার বিচার নিয়ে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তেরও দাবি জানায় সংগঠনের সদস্যসচিব বলেন, ওসমান হাদির খুনিদের দ্রুত বাংলাদেশে হস্তান্তর করতে হবে। আমরা কাউকে কৃতজ্ঞতা জানাতে আসিনি, আমাদের অধিকার আদায়ে এসেছি।

 
 

 

তিনি বলেন, ভারত সরকার ওসমান হাদি হত্যার বিষয়ে সহযোগিতা করবে নাকি অসহযোগিতা করবে, তারা কি সন্ত্রাসীদের লালনপালন করবে নাকি সুষ্ঠু প্রক্রিয়ায় হস্তান্তরের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়টা এখন আমাদের সামনে। আমরা দেখতে চাই গ্রেপ্তার হওয়াদের ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ গ্রহণ করে।

 

জাবের বলেন, ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে, খুনিদের যারা আশ্রয় দিয়ে আসছে তাদের দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দাওয়া নেই।