Image description

নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই এলাকায় কিশোরী আমেনাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার ১০ দিন পার হতে না হতেই আবারও এ ধরনের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মাধবদী পৌর এলাকার চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার সন্তানের জননী ওই নারী পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কেনাকাটা করতে মাধবদী বাজারে যান। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় চৌরাস্তার মোড়ে পৌঁছালে হৃদয় নামের এক ব্যক্তি তার গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, হৃদয় ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও তিনজন সহযোগী ওঁত পেতে ছিল। পরে তারা জোরপূর্বক ওই নারীকে বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী নারী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে শুক্রবার (৬ মার্চ) সকালে তিনি মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ হৃদয় নামে একজনকে গ্রেপ্তার করেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িত থাকার সন্দেহে হৃদয় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে একই এলাকায় সম্প্রতি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এ ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।