Image description

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ভোগান্তি কমাতে ৪ বিভাগীয় শহরে দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। নির্ধারিত ভাড়া পরিশোধ এবং সকল সিট পূরণ সাপেক্ষে এই বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসে আসন সংরক্ষণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ ২০২৬ (রবিবার) পর্যন্ত।

জাকসু সূত্রে জানা যায়, আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে। বাসগুলো হবে বিআরটিসির ডাবল ডেকার, যেখানে প্রতিটি বাসে মোট ৭৫টি আসন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের সিট নিশ্চিত করতে পারবেন।

জাকসুর নির্ধারিত রুটসমূহের মধ্যে ক্যাম্পাস-রংপুর ও ক্যাম্পাস-বগুড়া রুটের বাসগুলো যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ পথে চলবে। খুলনায় যাওয়া বাসটি পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট অতিক্রম করে পৌঁছাবে। বরিশালের উদ্দেশ্যে যাত্রা করা বাসটি পদ্মা সেতু, ভাঙ্গা ও মাদারিপুর পথ ধরে যাত্রা সম্পন্ন করবে।

এ বিষয়ে জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান বলেন, জাকসু শিক্ষার্থীদের বাড়ি ফেরার সময়ের ভোগান্তি কমানো এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই বিশেষ বাস উদ্যোগ গ্রহণ করেছে। এ ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য সহজ, সুষ্ঠু এবং সময়নিষ্ঠ পরিবহন সুবিধা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।